প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৮ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এ অনুযায়ী আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী শনিবার (৪ অক্টোবর) পালিত হবে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করা হয়।
এতে দেখা গেছে, ১৪৪৭ হিজরির ২৯ রবিউল আউয়াল, ১৪৩২ বঙ্গাব্দের ৮ আশ্বিন ও ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে।
এভাবে ২৪ সেপ্টেম্বর থেকে গণনা শুরু হবে এবং ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ৪ অক্টোবর পালিত হবে।
স্বদেশ প্রতিদিন/এমএএম