প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৮ AM

সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন বিএনপি নেতা ফখরুল
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বসুরহাট আগমন উপলক্ষে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীর সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।
মো. ফখরুল ইসলাম বলেন, “গত ১৫ বছরে এদেশে নির্বাচন হয়নি। আসন্ন নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এ নির্বাচনটা শান্তিপূর্ণ হোক, সুশৃঙ্খল হোক। এই নির্বাচন যেন ভোট দখলের নির্বাচন না হয়।”
তিনি আরও বলেন, “অনেকে বিশৃঙ্খলা করতে চাইবে। আমাদের কোনো নেতাকর্মী বিশৃঙ্খলায় জড়াবেন না। আমি অনুরোধ করবো, আমাকে যারা ভালোবাসেন আপনারা উসকানিমূলক কোনো কথা বলবেন না, অন্যদের উসকানিতে পা দেবেন না।”
সবাইকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এ নেতা বলেন, “যারা আজকে কষ্ট করে আমাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে জয় ছিনিয়ে আনা পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো।”
এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, বিএনপি নেতা একরামুল হক মিলন মেম্বার, হাজী ইবরাহীম, মো. আলমগীর, মো. সাহাব উদ্দিন, জসিম উদ্দিন মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যারিস্টার মওদুদ আহমদের অবর্তমানে দলের জন্য কাজ করে আসছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।