প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪২ AM

ভবেরচর ইউনিয়ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও মুরগির খাবার (ফিড) ভর্তি নছিমনজাতীয় ট্রলির সংঘর্ষে ট্রলির চালক রুবেল মিয়া (২৬) নিহত ও তার সঙ্গী সুমন মিয়া (৩০) গুরুতর আহত হয়েছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের কর্মকর্তা সার্জেন্ট আহসান হাবীব জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। তার সঙ্গী সুমন মিয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাস ও নছিমনজাতীয় ট্রলি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
স্থানীয় সূত্র ও গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকার ঢাকা গামী লেনে দ্রুতগতির কারণে বিআরটিসি যাত্রীবাহী বাস ও ট্রলির সংঘর্ষ হয়। এতে ট্রলি চালক রুবেল ও তার সঙ্গী সুমন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকায় নেওয়ার পথে রুবেল মারা যান। নিহত রুবেল গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের বাসিন্দা। আহত সুমনের বাড়ি একই উপজেলার বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামে।