| শিরোনাম: |

সংগৃহীত ছবি
জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম ছোট হওয়ার কারণে ঢাকা, রাজশাহী ও খুলনাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রীদের উঠানামায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে ট্রেনগুলো যাত্রাবিরতিতে দাঁড়ালেই নির্ধারিত কয়েকটি কোচ প্ল্যাটফর্মের বাইরে অবস্থান করে। ফলে প্ল্যাটফর্ম থেকে মালপত্রসহ যাত্রীদের দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠতে হয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন বয়স্ক ও শিশু যাত্রীরা। অনেকেই ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে আহত হন, কেউবা উঠতে না পেরে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন।
এই কারণে যাত্রীরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্টেশনের প্ল্যাটফর্মটি দ্রুত বর্ধিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রেলওয়ের স্থানীয় এক কর্মকর্তা জানান, যাত্রীদের দুর্ভোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে অচিরেই স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।