প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৫ AM আপডেট: ২২.০৯.২০২৫ ২:০১ PM

রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে ঢাকাসহ বিভিন্ন শহরের জনজীবন চরমভাবে ব্যাহত হয়েছে। শহরের প্রধান সড়কগুলোসহ বিভিন্ন এলাকার অলিগলিতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে সাতসকালেও যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।
বৃষ্টির ফলে রাস্তাঘাটে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বন্ধ রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসগামী মানুষের স্বাভাবিক চলাচল। বিশেষ করে রাজধানীর মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার, মৌচাকের কিছু এলাকায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে। সড়কে জমে থাকা পানির কারণে অনেক এলাকাতে যানজটও তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতিকে দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল রাতে জানানো হয়েছে এরমধ্যে একটি ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হতে পারে। অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।
আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে জলাবদ্ধ এলাকা ও নিচু স্থানে বসবাসকারীদের জন্য সতর্কতা আরও বেশি।
স্বদেশ প্রতিদিন/এমএম