প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম

স্বপ্নে সাপ দেখলে কী হয়? হাদিসে যা বলা আছে
ইসলামী দৃষ্টিকোণ থেকে স্বপ্নকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়— এক. রুয়িয়া সাদিকা বা কল্যাণকর সত্য স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা সতর্কতা হিসেবে আসে। দুই. হুলম বা দুঃস্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে আসে এবং মানুষকে ভয় দেখানো বা বিপথে নেওয়ার জন্য হয়ে থাকে।
হাদিসে এসেছে, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। তাই কোনো দুঃস্বপ্ন দেখলে নবী করিম (সা.) উম্মতকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন এবং বাম দিকে তিনবার থুথু ফেলার নির্দেশ দিয়েছেন। (তিরমিজি : ৩৪৫৩)
আবু সালামা (রহ.) বর্ণনা করেছেন, তিনি এমন স্বপ্ন দেখতেন যা তাঁকে অসুস্থ করে ফেলত। তখন রাসুল (সা.) বলেন, কল্যাণকর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। তাই যখন কেউ সুন্দর স্বপ্ন দেখে, তা প্রিয়জনকে জানাতে পারে। কিন্তু অপছন্দনীয় স্বপ্ন হলে আল্লাহর আশ্রয় চাইবে, তিনবার থুথু ফেলবে এবং কারও কাছে তা বলবে না— তাহলেই কোনো ক্ষতি হবে না। (বুখারি : ৬৫৬৮)
ইসলামি স্কলারদের মতে, স্বপ্নে সাপ দেখা অনেক সময় শত্রুতার প্রতীক হতে পারে। কখনো এটি শয়তানের কুমন্ত্রণা বা বিভ্রান্তি হতে পারে। আবার যদি হিংস্র জন্তু বা সাপ দৌড়াতে দেখা যায়, সেটি দুঃস্বপ্নের অংশ, যার কোনো ব্যাখ্যা নাও থাকতে পারে।
তবে কারও ওপর যদি কালো জাদু বা জ্বিনের প্রভাব থাকে, তাহলেও সে ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিতে পারে। এ অবস্থায় করণীয় হলো, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, নিয়মিত কোরআন-হাদিসের দোয়া-দরুদ পড়া এবং খারাপ স্বপ্ন কাউকে না জানানো।
স্বদেশ প্রতিদিন/ আরএফ