প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫১ পিএম

নোয়াখালীর হাতিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পৌরসভা আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম রবিউল হোসেন। তিনি হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং স্থানীয় মৃত রেজাউল হকের ছেলে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার প্রধান সড়কের লক্ষিদিয়া এমপির পোল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় সংঘাত সৃষ্টি ও নাশকতার চেষ্টা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, রবিউল প্রভাবশালী মহলের সহায়তায় এলাকায় অস্ত্র সরবরাহ ও অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে বিরোধ উসকে দিয়ে শালিশের নামে প্রভাব বিস্তার করতেন।
হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা জানান, রবিউলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আদালতে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর