প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৭ পিএম

নবীনগরে জালনোটসহ অস্ত্র উদ্ধার, আটক ৩
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে জালনোট ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর আদালত পাড়ায় বউ সাজ বিউটি পার্লারে এই অভিযান চালানো হয়। অভিযানে রেখে যাওয়া একটি ব্যাগ থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন নবীনগর উপজেলার আলমনগর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী সাথী (৪২), একই উপজেলার করিমশাহ গ্রামের আব্দুল সালামের মেয়ে তাসলিমা আক্তার ও করিমশাহ পূর্বপাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার।
বাজারের সিসিটিভির ফুটেজে দেখা যায়, একজন যুবতী মেয়ে রিকশা থেকে নেমে একটি ব্যাগ হাতে করে আদালত পাড়ার বউ সাজ বিউটি পার্লারে প্রবেশ করেন৷ পরে ব্যাগটি বউ সাজ বিউটি পার্লারে রেখে বের হয়ে যান ওই যুবতী।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদালত পাড়ার বউ সাজ বিউটি পার্লার থেকে অভিযান চালিয়ে ১০ লাখ ১৮ হাজার টাকার জালনোট, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়।