প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় ভবিষ্যতের জাতীয় নির্বাচনের ওপরও প্রভাব ফেলবে। তিনি এ বিজয়কে আল্লাহর খাস রহমত হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এসব মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান নেতৃবৃন্দকে আগামী জাতীয় নির্বাচনে তিনশ আসনে প্রতিযোগিতা করার আশা রাখার পাশাপাশি আর্থিক ও অন্যান্য সহযোগিতার আহ্বান জানান।
তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন এবং ৫ আগস্ট ২০২৪-এ নতুন বাংলাদেশের অর্জনের প্রসঙ্গও তুলে ধরে বলেন, অনেক নেতাকর্মী জীবন ও অঙ্গ-প্রত্যঙ্গের ত্যাগ দিয়েছেন। তিনি সকলের জন্য আল্লাহর প্রতিদানের দোয়া করেন। এছাড়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ মানুষকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। যারা উত্তীর্ণ হয়, তারা পুরস্কৃত হন। হযরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির উদাহরণ উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ধৈর্য, বিনয় এবং জনগণের সেবার ওপর গুরুত্বারোপ করেন।
অধিবেশনে কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি মুহতারামা নূরুন্নিসা সিদ্দীকার সভাপতিত্বে রাজনৈতিক পরিস্থিতি ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন সম্পর্কিত বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, এটিএম মাছুম এবং সারাদেশ থেকে নির্বাচিত শূরা সদস্যরা। অধিবেশনে ষাণ্মাসিক রিপোর্ট উপস্থাপনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় আলোচনা করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ