প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম

ময়মনসিংহের ভালুকা পৌরসভার খুজিবাড়ী এলাকায় চেতনানাশক ঔষধ ছিটিয়ে একটি পরিবারের সদস্যদের অচেতন করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে মাহাবুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতরা পরিবারের সদস্যদের মুখে চেতনানাশক ছিটিয়ে অচেতন করে ফেলে। পরে তারা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী নিয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আড়াই লাখ টাকা বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে ভালুকা মডেল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত চুরির ঘটনা। বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ডাকাতি করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে