প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫১ পিএম আপডেট: ২০.০৯.২০২৫ ৫:০৯ PM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে লিমা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত লিমা আক্তার উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং একই এলাকার আব্দুল লতিফের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে লিমা ঘরের পাশে ঘোয়ালঘরে কয়েল জ্বালানোর জন্য গ্যাসলাইট আনতে যায়। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এরপর পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার সকালেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি একটি দুঃখজনক দুর্ঘটনা।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে