প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ২:২২ পিএম

বরগুনার পাথরঘাটায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ ঘণ্টার মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাখাল বিশ্বাস অপূর্ব বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার সুজন ঢালীর মেয়ে শুক্লা ঢালী (১৩), আমড়াতলা এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৪৫) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিত এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নুরজাহান বেগম (৭৫)।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে টানা বৃষ্টির পর হঠাৎ রোদ উঠতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ভর্তি হচ্ছে, ফলে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
আরএমও রাখাল বিশ্বাস অপূর্ব বলেন, বৃষ্টি কমার পর থেকেই ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ দিন দিন বাড়ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দিতে, তবে পরিস্থিতি জটিল হচ্ছে। এভাবে চলতে থাকলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
স্বদেশ প্রতিদিন/এনআর