প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৫ AM

যুক্তরাজ্যে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও হেলিকপ্টারটিতে ছিলেন। তবে দুজনেই নিরাপদে আছেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যাচ্ছিলেন ট্রাম্প। এ সময় হেলিকপ্টারের হাইড্রোলিক সিস্টেমে ছোটখাটো ত্রুটি দেখা দেয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলটরা স্ট্যানস্টেডে পৌঁছানোর আগেই একটি স্থানীয় বিমানবন্দরে অবতরণ করেন। পরে ট্রাম্প দম্পতি বিকল্প হেলিকপ্টারে যাত্রা অব্যাহত রাখেন।
এ ঘটনায় ট্রাম্প নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে গন্তব্যে পৌঁছান। তবে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বিলম্বের কারণ জানায়নি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মজার ছলে বলেন, “আশা করি আমরা সবাই নিরাপদে ফিরব। জানেন কেন বলছি? কারণ আমি এই ফ্লাইটে আছি।”
প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প যাত্রা শুরু করেছিলেন। ওই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে নতুন একটি প্রযুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই পক্ষই বিশ্বাস করে, এই উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে দুই দেশকে বিশ্বে শীর্ষ অবস্থানে নিতে সহায়তা করবে।
ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্টের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারে রাখা হয়েছে। ‘মেরিন ওয়ান’-এ ত্রুটি দেখা দিলেও পাইলটদের দ্রুত সিদ্ধান্ত ও সতর্ক পদক্ষেপের কারণে বড় কোনো বিপত্তি এড়ানো গেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ