প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪২ পিএম

সংগৃহীত ছবি
রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আশা করা হচ্ছে, দুটি নির্বাচনই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডাকসু ও জাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, শিগগিরই রাকসু ও চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা দেশের সর্বোচ্চ শিক্ষিতদের প্রতিনিধিত্ব করেন। ভোটাররাও উচ্চশিক্ষিত। সবার অভিজ্ঞতা শেয়ার করেছি।
উপদেষ্টা বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই।
তারা কী পরামর্শ দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়েছে। যেমন কতগুলো সেন্টার হওয়া দরকার। ভোট গণনা কীভাবে হবে। কালি কীভাবে ব্যবহার করতে হবে এসব ব্যাপারে কথা হয়েছে। দ্রুত ফলাফল ঘোষণার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের ছবিযুক্ত আইডিকার্ড, ভোটার লিস্ট যেন স্বচ্ছ থাকে।
জাকসু নির্বাচন ফলাফল দিতে তিন দিন সময় লাগার কারণ সেখানে হাতে গণনা ও মেশিনে গণনা—দুইভাবে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, মেশিনে ভোট গণনায় সময় লাগে না, তাই তারা মেশিনে গণনার পরামর্শ দিয়েছেন।
এসময় জাতীয় নির্বাচনের প্রসঙ্গ আসলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছি। সব অভিজ্ঞতা তো বলা যাবে না। তবে শিক্ষা নেওয়ার বিষয়গুলো আমরা গ্রহণ করছি।
রাকসু ও চাকসু নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই। দুইটা নির্বাচনই ভালোভাবে হবে বলেও আশা ব্যাক্ত করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/শাহো