প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৭ AM

মাত্র ৭ মাসে বাংলাদেশি মাদ্রাসা থেকে কুরআনের হাফেজ হয়েছেন ইতালির নাগরিক দুই ভাই। মাদ্রাসা থেকে পেয়েছেন হাফেজ মর্যাদার পাগড়ি টুপি। স্বপ্ন পূরণে আরব দেশ মিশরে পড়িয়ে মাওলানা বানাতে চান ইতালি প্রবাসী বাবা।
মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসা থেকে সাত মাসে ৩০ পাড়া কুরআনের হাফেজ হয়েছেন আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জোহরের নামাজের পর জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসা মসজিদের ভিতরে তাদের হাফেজ মর্যাদার পাগড়ি পড়িয়ে দেন মাদরাসার প্রধান শিক্ষক মুফতী রেজাউল ইসলাম। এসময় তাদের গলায় ফুলের মালা দিয়ে অভিনন্দন জানানো হয়। হাফেজদের বাবা ইতালি প্রবাসী মামুন হাওলাদারসহ স্থানীয় আলেমগণ উপস্থিত ছিলেন।
হাফেজ আব্দুর রহমান ও হাফেজ আব্দুর রহিম মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী মামুন হাওলাদারের ছেলে এবং দুজনেই ইতালির নাগরিক।
মাদরাসা ও পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ২৩ বছর যাবত ইউরোপের দেশ ইতালিতে কাজ করেন মামুন হাওলাদার। পরে স্ত্রীকেও নিয়ে যান ইতালিতে। সেখানেই মামুন ও তানিয়া দম্পতির সংসার আলোকিত করে জন্ম নেয় আব্দুর রহমান (১৫) ও আব্দুর রহিম (১৩)। তারা জন্মসূত্রে ইতালির নাগরিক হলেও দুই ছেলেকে মাওলানা বানানোর স্বপ্ন দেখেন মামুন। কিন্তু ইতালিতে কোনো মাদ্রাসা না থাকায় ইচ্ছা পূরণের লক্ষ্যে দুই ছেলেকে নিয়ে আসেন নিজ জেলা মাদারীপুরে। ভর্তি করে দেন জেলার রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার ঐতিহ্যবাহী বড় মাদরাসা খ্যাত জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসায়। এই মাদরাসা থেকে মাত্র সাত মাসে কুরআনের ৩০ পাড়া মুখস্থ করে কুরআনের হাফেজ হয়েছেন আব্দুর রহমান ও আব্দুর রহিম।
ইতালি প্রবাসী মামুন হাওলাদার বলেন, “আমার দুই ছেলে আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩) ইতালিতে জন্মগ্রহণ করেছে। সেই সুবাদে জন্মসূত্রে তারা ইতালির নাগরিক। আমরা পুরো পরিবার ইতালিতে বসবাস করি। কিন্তু আমার স্বপ্ন দুই ছেলেকে মাওলানা বানাবো। তাই দেশে এনে মাদ্রাসায় ভর্তি করেছিলাম। আজ আমার দুই ছেলে হাফেজ হয়েছে। এতে আমি খুব খুশি। ওদের শিগগিরই আবার ইতালি নিয়ে যাবো এবং মিশরে মাওলানা পড়তে পাঠাবো। আমার স্বপ্ন ও ইচ্ছা ওরা দুই ভাই বড় মাওলানা হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ