প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১০ পিএম

সংগৃহীত ছবি
নীলফামারীর উত্তরা ইপিজেডে আবারও বিক্ষোভে ফুঁসে উঠেছেন শ্রমিকরা। এভারগ্রীন ফ্যাক্টরি বিডি লিমিটেডে ২৩ দফা আন্দোলনের রেশ কাটতে না কাটতেই গুম ও চাঁদাবাজির মামলায় শ্রমিক নেতা সাইফুল ইসলাম বাবু ও তার পিতা শফিকুল ইসলাম আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পুরো জেলা।
শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে টানা দুইদিন ধরে চলছে আন্দোলন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বৃষ্টির কারণে কিছুটা ম্লান থাকলেও বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা গেট থেকে থানা পর্যন্ত মিছিল নিয়ে এগোতে থাকেন। তিন জায়গায় পুলিশি ব্যারিকেড ভেঙে এক পর্যায়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন শ্রমিকরা।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও ইপিজেড কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক বসে। আলোচনায় শ্রমিকরা মামলা প্রত্যাহার, শ্রম আইন বাস্তবায়ন, নিহত শ্রমিক হাবিবের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণসহ ১২ দফা দাবি উত্থাপন করেন।
আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী সাইফুল ইসলাম বাবু ও শফিকুল ইসলামকে জামিনে মুক্তি দিয়ে শ্রমিকদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ ইতিবাচক আশ্বাস দেয়। সিদ্ধান্ত হয়, শ্রমিকদের দাবি নিয়মিতভাবে পেশ করার জন্য একটি পিসি কমিটি গঠন করা হবে এবং এভারগ্রীণ ফ্যাক্টরি বিডি লিমিটেডের জিএমকে প্রত্যাহার করা হবে।
এ প্রসঙ্গে নীলফামারীর পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান বলেন, শ্রমিকদের দাবি শোনা হয়েছে, আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো গেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল থেকে কারখানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
আলোচনার পর আন্দোলনরত শ্রমিকরা আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে কর্মস্থলে ফিরে যান।
স্বদেশ প্রতিদিন/শাহো