প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৭ পিএম আপডেট: ১৭.০৯.২০২৫ ৪:৫০ PM

সংগৃহীত ছবি
পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকারের সন্ধান মিলেছে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। লকারগুলোর নম্বর হলো ৭৫১ ও ৭৫৩।
এনবিআর সূত্র জানিয়েছে, কর ফাঁকি হয়েছে কি না তা খতিয়ে দেখতেই লকারগুলো জব্দ করা হয়েছে।
এর আগে, ১০ সেপ্টেম্বর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার ১২৮ নম্বর লকারও জব্দ করা হয়। ফলে অগ্রণী ও পূবালী ব্যাংকে মোট তিনটি লকার জব্দ হলো।
এনবিআর সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসাবে ১২ লাখ টাকার এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা জমা রয়েছে। এসব হিসাবও ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে।