| শিরোনাম: |

জামালপুরের মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” শীর্ষক তিন দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), নেত্রকোনার উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।
‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের’ আওতায় আয়োজিত কর্মশালায় শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় সুধীবৃন্দ অংশ নেন।
শিক্ষার্থীদের ক্যাম্পেইন, ফলজ বৃক্ষ ও পুষ্টি প্লেট বিতরণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন বারটান আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা: আলতাফ উন-নাহার।
কর্মশালায় খাদ্য ও পুষ্টির গুরুত্ব, ফলিত পুষ্টি, খাবারের উপাদান ও ব্যবহার, শর্করা, আমিষ, ভিটামিন, আঁশ, খনিজ লবণ, স্নেহ জাতীয় খাদ্য, তাপ ও শক্তি উৎপাদনকারী খাবার, রোগ প্রতিরোধকারী খাদ্য, মাছ, শাকসবজি ও ফলমূলের পুষ্টিগুণ, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।