প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৬ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ৩:২২ PM

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্প সংলগ্ন নদীতে পুলিশের উপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িত কুখ্যাত নৌ-ডাকাত ও ৩০ মামলার আসামি আবু কালামকে (৩৫) অস্ত্রসহ আটক করেছে র্যাব-১১। এ সময় তার হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গত রোববার মধ্যরাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে র্যাব। মঙ্গলবার দুপুরে র্যাব এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে গজারিয়া থানার পুলিশ ও জামালপুর অস্থায়ী ক্যাম্পের একটি দল মেঘনা নদীতে অভিযান চালাতে গেলে প্রায় ৪০–৫০ জন ডাকাত সদস্য ৪–৫টি ট্রলারে করে এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলি চালায়। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় শতাধিক রাউন্ড গুলি ও ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ডাকাতরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, আবু কালাম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মেঘনা নদী ও আশপাশের শাখা নদীতে অবৈধ বালু ব্যবসা, নৌযান থেকে চাঁদাবাজি এবং খুন-গোলাগুলিসহ নানা অপরাধে জড়িত। তাদের ভয়ে এলাকার শতাধিক পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল।
গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, আসামিকে থানায় হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে