প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৬ AM

সংগৃহীত ছবি
রংপুরের কাউনিয়া উপজেলায় অনলাইন জুয়ায় অর্থ হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত থাকার কারণে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা ধার নেয়ার পর মানসিক চাপের মধ্যে পড়েছিলেন ২০ বছর বয়সী আসিফ আলী।
গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আসিফ আলী উপজেলার গের্দ্দ বালাপাড়া শান্ত বাজার এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার জানান, আসিফ গোপনভাবে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং ধার-দেনা করে খেলা চলছিল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঋণ পরিশোধের জন্য তার পিতার কাছ থেকে সাড়ে ১৬ হাজার টাকা নিলেও সে সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ না করে আবারও জুয়া খেলতে শুরু করে।
অর্থ হারিয়ে দিশেহারা আসিফ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাঞ্চরভাঙ্গা এলাকায় তিস্তা নদীর তীরবর্তী স্থানে কীটনাশক পান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাউনিয়া থানার এসআই ব্রজ গোপাল কর্মকার আরও বলেন, নিহতের পিতার আবেদনের ভিত্তিতে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।