প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২০ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডডভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা এসে আহত এবং নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
নিহতরা হলো, গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা শিশু মুসকান। আহতরা হলেন, নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), সাগর (৩০) ও গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত এবং আহতরা সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা।
জানা গেছে, শুক্রবার ভোরে নিহত গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের বিভিন্ন পর্যটন এলাকা ঘুরতে বেরিয়েছিলেন।তারা চট্টগ্রামের ফয়েসলেক ও কক্সবাজার যাওয়ার কথা ছিল। পথিমধ্যে চট্টগ্রামের ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটা কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিলে কারটি দুমড়েমুচড়ে যায়৷ এতে ঘটনাস্থলে বাবা মেয়ে নিহত হন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, “শুক্রবার সকালে চট্টগ্রামমুখী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকুরদীঘি এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থল শিশুসহ দুইজন নিহত এবং আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে