প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩১ পিএম

নিহত সজল কর্মকার
পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজা পুলিশ বক্স সংলগ্ন সড়ক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
নিহত সজল কর্মকার (৪২) বাউফল উপজেলার রাজনগর গ্রামের রনজিৎ কর্মকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে তিনি মোটরসাইকেলে করে বাকেরগঞ্জের কলসকাঠি বন্দরের মেয়ের জামাইয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পথে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে সড়কের পাশে মোটরসাইকেল রেখে পড়ে যান তিনি। পরে ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে লেবুখালী ইস্পাহানী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এটি স্ট্রোক নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি মোটরসাইকেল দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।