প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২০ পিএম

সংগৃহীত ছবি
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভালুকা সেভেন স্টার চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় এক লিখিত বক্তব্যে ছামছুল হোসাইন জানান, গত কয়েকদিন ধরে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ভুয়া ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ বানোয়াট এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক।
চেয়ারম্যান ছামছুল হোসাইন আরও অভিযোগ করেন, স্থানীয় একটি মহল তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ইউনিয়ন পরিষদে বৈঠক করার অপবাদ ছড়াচ্ছে। অথচ মিথ্যা অভিযোগে উল্লেখিত দিনে তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এছাড়া একটি রাস্তা উদ্বোধনের ছবি, যেখানে তৎকালীন এমএ ওয়াহেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেটিকেও মিথ্যাভাবে নির্বাচনী প্রচারণা হিসেবে প্রচার করা হচ্ছে।
তিনি আরো অভিযোগ করেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদের একটি অব্যবহৃত কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো অবস্থায় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু কক্ষটি ইউনিয়ন পরিষদের কেউ ব্যবহার করেন না। এটি উপ-সহকারী কৃষি কর্মকর্তার নামে বরাদ্দকৃত এবং ওই কক্ষের চাবিও ইউনিয়ন পরিষদের কাছে নেই। এমনকি এ অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো প্রমাণ পায়নি।
তিনি জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ৫নং বিরুনীয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের সময় দেশের অনেক ইউপি চেয়ারম্যান দায়িত্ব থেকে সরে গেলেও তিনি তখনও এলাকায় থেকে ইউনিয়নের দায়িত্ব পালন করে আসছেন।
ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ও ব্যক্তিগত বিদ্বেষ থেকেই একটি মহল তার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন বিরুনীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাচ্চু, ইউনিয়ন শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আশিকুর রহমান রিগান, বিএনপি নেতা আবুল ও আবির, যুবদল নেতা তাজউদ্দীনসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/শাহো