প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৫ পিএম

ফরিদপুর শহরের সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে এক নারীর পাইলস অপারেশনের বদলে গলব্লাডার অপারেশন করার অভিযোগ উঠেছে।
এই ঘটনা জানার পর স্বাস্থ্য প্রশাসন তাৎক্ষণিকভাবে হাসপাতালটি বন্ধ করে দিয়েছে।
ভুক্তভোগী রোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে এক নারী রোগী পাইলসের চিকিৎসার জন্য সৌদি বাংলা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক ডা. আসাদুজ্জামান তাকে অপারেশনের পরামর্শ দেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে অপারেশনের সময় চিকিৎসক ও তার দল পাইলসের পরিবর্তে রোগীর গলব্লাডার অপারেশন করে ফেলেন।
এদিকে অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি হলে বিষয়টি নিয়ে রোগীর স্বজনদের মধ্যে সন্দেহ তৈরি হয়। তারা চিকিৎসকের কাছে জানতে চাইলে, ভুল চিকিৎসার বিষয়টি সামনে আসে। এরপরই চিকিৎসক ডা. আসাদুজ্জামান এবং হাসপাতালের সকল স্টাফ তড়িঘড়ি করে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।
রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং ভুল চিকিৎসার কারণে রোগীর জীবন এখন ঝুঁকির মুখে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই ঘটনার পর ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য প্রশাসন কর্তৃক হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এ ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও সৌদি বাংলা হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার একাধিক অভিযোগ উঠেছিল। এর আগে এক প্রসূতি নারীর সিজার অপারেশনের সময় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো