প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩২ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। শাহবাগ ক্রসিং, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ও পলাশী ক্রসিং থেকে যানবাহনগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে না এসে বিকল্প পথে যেতে বলা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন (বিকল্প পথ) প্রদান করা হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘শাহবাগ ক্রসিং, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ও পলাশী ক্রসিং থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে এই পাঁচটি ক্রসিং থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করেছে পুলিশ। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে।’
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নগরবাসীর উদ্দেশ্যে বলেন, ‘৯ সেপ্টেম্বর শাহবাগ, হাই কোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল এবং পলাশী ক্রসিং-এ কিছু বিকল্প রাস্তা বা ডাইভার্শন চালু থাকবে। সবাইকে একদিনের জন্য বিকল্প রাস্তাগুলো ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’
ছয় বছর পর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোট দেবেন প্রায় ৪০ হাজার শিক্ষার্থী। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
স্বদেশ প্রতিদিন/এমএম