পবিপ্রবিতে ডিভিএম ও অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি একীভূতকরণে প্রাক্তন শিক্ষার্থীদের তীব্র নিন্দা
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৬ AM

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি দুইটি পৃথক ডিগ্রিকে একীভূত করে ‘বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’ নামে নতুন সম্মিলিত ডিগ্রি চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
তবে এই সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছেন অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত ডিগ্রিকে একতরফাভাবে বাতিল করা হয়েছে যা একটি ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত এবং আদালত অবমাননার শামিল।
প্রাক্তন শিক্ষার্থীরা জানান, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ডিভিএম ও অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি একীভূত করার কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বরং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ডিভিএম শিক্ষার্থীরা সিলেবাস পরিবর্তনের দাবি করলেও ডিগ্রির নাম অপরিবর্তিত রাখার পক্ষে রয়েছে। সুতরাং, পবিপ্রবির এই একীভূতকরণকে তারা অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি বাদ দেওয়ার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা হিসেবে দেখছেন।
তারা আরও দাবি করেন, স্টেকহোল্ডার, প্রাক্তন শিক্ষার্থী, পেশাজীবী সংগঠন এবং সংশ্লিষ্ট সকলের মতামত ছাড়া এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
প্রাক্তনরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ষড়যন্ত্রমূলক এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ না হলে আমরা আইনগত পদক্ষেপ নেব।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে