প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৮ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) নগর ভবনে অভিযান চালিয়েছে। রবিবার দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান পরিচালনা করে।
অভিযোগে বলা হয়েছে, ডিএসসিসির কর্মকর্তাদের জন্য নির্ধারিত সরকারি গাড়ি বাস্তবে ব্যবহার না হলেও কাগজপত্রে তেলের বিল দেখানো হয়। এভাবে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে আরও জানা যায়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকলেও, কর্মকর্তারা অফিস না করলেও তাদের বরাদ্দকৃত গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪–১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছিল। ডিএসসিসির হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতি মাসে জ্বালানি খাতে প্রায় ৫ কোটি টাকা ব্যয় করে।
মে ও জুন মাসে নগর ভবন বন্ধ থাকলেও তেলের খরচ দেখানো হয়েছিল স্বাভাবিক সময়ের মতোই। এতে প্রমাণ হয়, কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও অর্থ আত্মসাতের অভিযোগে যথেষ্ট প্রাথমিক তথ্য রয়েছে। দুদক বলেছে, অভিযোগের বিষয়সংক্রান্ত নথিপত্রসহ অন্যান্য তথ্য সংগ্রহের মাধ্যমে প্রাথমিক সত্যতা যাচাই করা হচ্ছে। এই অভিযান সংস্থার স্বচ্ছতা ও সরকারি তহবিলের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই পরিচালিত হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ