প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৯ AM

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় রাহুল (২২) ও মনির (২৫) নামে দুজন গুলিবিদ্ধ হন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধদের ঢামেকে নিয়ে আসা পথচারীরা জানিয়েছেন, রাতে গণধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালাতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় দুজন যুবক গুলিবিদ্ধ হন। একজনের ডান হাতে এবং অন্যজনের বাম হাতে গুলি লাগে।
এর আগে সন্ধ্যা ৭টার পর বিক্ষোভকারীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরে ভবনে অগ্নিসংযোগও করা হয়। রাত সাড়ে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এরও আগে গত ৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ