প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৫ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ২:৪৯ PM

সংগৃহীত ছবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান বলেছেন, গণমাধ্যমকে দমন, অবাধ তথ্য প্রবাহে বাধা ও সাংবাদিকদের হুমকি দেওয়া গোপনীয়তার সংস্কৃতিকে প্রশ্রয় দেয়, যা ক্ষমতার অপব্যবহারের একটি শক্তিশালী অস্ত্র। সাংবাদিকরা সত্য তথ্য প্রকাশ করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, তাই তাদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
আজ(৪ সেপ্টেম্বর) দুপুরে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সুশীল সমাজের কাছে সাংবাদিকদের সরাসরি সুরক্ষা দেওয়ার কোনো মাধ্যম নেই, তবে তাদের নিরাপত্তা নিয়ে কথা বলা এবং উদ্বেগ প্রকাশ করা সম্ভব। সহিংস পরিবেশে গণতন্ত্র পুনঃস্থাপন সম্ভব নয়।
তিনি আরো বলেন, সহিংস পরিস্থিতি ক্ষমতার অপব্যবহার পুনর্বহালে ভূমিকা রাখে, যা প্রায় সব দেশেই উদ্বেগজনক। এ সময় তিনি দুর্নীতির সূচক প্রসঙ্গে উল্লেখ করেন, বাংলাদেশে কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং তা দুর্নীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। তবে দুর্নীতির অবসান এখনও হয়নি।
বাংলাদেশ থেকে অর্থপাচারের প্রসঙ্গে ফ্রাঁসোয়া বলেন, প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলছে। এই অর্থ শিক্ষা, অবকাঠামো ও জরুরি সেবায় ব্যয় করা যেত।
তিনি জানান, টিআই সবসময় ক্ষমতার সঙ্গে কাজ করেছে এবং ক্ষমতার সমালোচনাও করেছে। ফলে সব সরকারই কখনো না কখনো টিআইবির সমালোচনা করেছে। আসন্ন নির্বাচনের পর গঠিত সরকারও টিআইবির কর্মকাণ্ডে অসন্তুষ্ট হতে পারে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।