প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম

মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের খৈয়াছড়া ঝর্ণায় বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিএনজি চালকদের সঙ্গে পর্যটকদের তর্ক-বিতর্কের জেরে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
জানা গেছে, নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে ঘুরতে আসা পর্যটকরা বাস নিয়ে খৈয়াছড়া ঝর্ণার দিকে যাচ্ছিলেন। এ সময় সিএনজি চালকরা তাদেরকে বাধা দেন, কারণ তাদের মতে বড় বাস ঝর্ণার রাস্তায় প্রবেশ করা সম্ভব নয়। এই বিষয় নিয়ে পর্যটকদের সঙ্গে সিএনজি চালকদের তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।
সিএনজি চালক আনোয়ার হোসেন বলেন, ‘আমরা যখন বাস নিয়ে প্রবেশ করার সময় তাদেরকে বলি, বড় বাস ঝর্ণায় প্রবেশ করতে দেওয়া যাবে না। তখন প্রায় ১০ থেকে ২০ জন আমাদের উপর হামলা শুরু করে।’
এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে পর্যটক বিপ্লব বলেন, ‘আমরা গাড়ি নিয়ে প্রবেশ করার পর তারা আমাদের উপর চড়াও হয়। আত্মরক্ষার্থে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়।’ একপর্যায়ে, পর্যটকরা ঢাকা-চট্টগ্রাম রোড ব্যারিকেড করে রাখেন। তবে স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বিষয়টি সমাধান করা হয়।
এ ঘটনায় আহতরা স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং তদন্ত শুরু করেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম