প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০০ পিএম

ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবিদ হাসান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাশিল গ্রামে এ ঘটনা ঘটে। আবিদ হাসান ওই গ্রামের হান্নান মিয়ার নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আবিদ তার খালাতো বোনের সাথে পুকুর পাড়ে খেলতে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত আবিদ পানিতে পড়ে তলিয়ে যায়। সাথে থাকা খালাতো বোন তাৎক্ষণিকভাবে বাড়িতে খবর দিলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইউনিট লিডার তরুন অর রশীদ জানান, খবর পেয়ে ডুবুরি দল প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে