প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৭ পিএম

ডাকসু নিয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিশ্চিত করতে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ডাকসু নিয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
উপাচার্য বলেন, “ডাকসু প্রসঙ্গে দুটি আইনি নোটিশ ও রিট আমরা এ পর্যন্ত পেয়েছি। আমরা আইনজ্ঞের মাধ্যমে সেগুলো সমাধানের চেষ্টা করেছি। আজকে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর প্রার্থিতার বিষয়ে রিট করে। পরবর্তীতে, সেখানে নিয়োজিত আমাদের আইনজ্ঞ সে বিষয়টি তাৎক্ষণিকভাবে কাজ করে।”
তিনি বলেন, “৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে কোন বাধা নেই। তবে আগামীকাল এ রিটের শুনানি আছে। আমাদের ১২ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হয়েছে। তারা প্রয়োজন মতো বিশ্ববিদ্যালয়কে আইনি সহায়তা দেন।”
উপাচার্য আরো বলেন, “ডাকসু একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এ বিষয়ে কোন রাখঢাক নেই। অনেক বিষয়ে বাধা এসেছে। এই যে মামলা মোকাদ্দমা হচ্ছে, এগুলোও বাধা বিপত্তির অংশ। আমরা অংশীজনদের নিয়ে এসব বাধা মোকাবেলা করেছি।”