প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৭ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৭:৪৩ PM

সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু।
ঢাকার কর অঞ্চল ৫-এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা কর অঞ্চল ৫-এর সহকারী কর কমিশনার মিতুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ৩৮ লাখ টাকা গ্রহণের বিনিময়ে একই কর অঞ্চলের সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধিকে (আয়কর আইনজীবী) আয়কর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড হস্তান্তর করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপনে আরও জানিয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি-১২ অনুযায়ী তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধিমতো খোরপোষ ভাতা পাবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ