
দেশের বিভিন্ন জায়গায় গত ২৪ ঘণ্টায় (শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত) কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যু ঘটেছে পিটুনি, সংঘর্ষ, ছুরিকাঘাত, পানিতে ডুবে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও আত্মহত্যাসহ বিভিন্ন ঘটনায়।
পুলিশ, স্থানীয় প্রশাসন ও সংবাদকর্মীদের পাঠানো তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, নাটোর, নেত্রকোনা, মুন্সীগঞ্জ, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
ঢাকার গুলশানে একটি পাঁচ তারকা হোটেল থেকে জ্যাকসন (৫০) নামে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত বুধবার যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে হোটেলটিতে ওঠেন। দুই দিন ধরে খাবার না নেওয়ায় হোটেল কর্তৃপক্ষ দূতাবাস ও পুলিশকে জানায়। পরে কক্ষে বিছানায় তার মরদেহ পাওয়া যায়। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, মৃত্যু স্বাভাবিক বলেই মনে হচ্ছে।
খুলনার রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল। তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার এবং খুলনা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। তদন্ত করছে পিবিআই ও সিআইডি।
কুমিল্লা নগরীর রামপুর এলাকা থেকে মা লুৎফা বেগম (৭০) ও মেয়ে শিল্পী আক্তার (৪০)–এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এ মৃত্যু হয়েছে বলে সন্দেহ। নিহত লুৎফার ছেলে শাহীন ও তার স্ত্রী লাকিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কুমিল্লার কাঁটাবিলে মহরম হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। পুলিশ বলছে, মাদক কারবার সংক্রান্ত দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নাটোর সদর উপজেলার নেপালদীঘি গ্রামে নবীর আলী (৫৫) নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকাবাসী তার গতিবিধি সন্দেহজনক মনে করে মারধর করে।
নাটোরের সিংড়ায় একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা রিপন কুমার মোদক (২৪)–এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পাশেই ছিল একটি চিরকুট, যেখানে ব্যক্তিগত হতাশার কথা উল্লেখ ছিল।
নেত্রকোনার মাঝাটি গ্রামে শনিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য দুজাহান মিয়া (৫৫) ও নূর মোহাম্মদ (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
চট্টগ্রামের হিলভিউ এলাকায় কাচমিস্ত্রি আবদুল্লাহ আল মনি ওরফে পিন্টু (৩৪)–কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে।
সিরাজদীখানে ধলেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আমজাদ ঢালী (৪৫)। পরদিন তার লাশ উদ্ধার হয়।
শ্রীনগরে কলাবাগান থেকে কৃষক আয়নাল হকের মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।
চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বিপ্লব নামে এক যুবক ডুবে যান। পরদিন তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
দিনাজপুরের বিরলে সবাদ আলী (৭৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ছেলে জানিয়েছেন, তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
সাম্প্রতিক এই ২৪ ঘণ্টায় দেশে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বেশি। পারিবারিক কলহ, সামাজিক অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি এবং মানসিক চাপ— সবকিছু মিলিয়ে প্রাণহানির ঘটনায় প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন অধ্যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পারিবারিক সহিংসতা রোধ, এবং ন্যায়বিচার নিশ্চিত করাই পারে এ ধরনের মৃত্যুর সংখ্যা কমাতে।
স্বদেশ প্রতিদিন/এমএম