প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৭:৩৪ পিএম

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বৈঠকে তিনি জানান, প্রধানভাবে আলোচনা হয়েছে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার উপায়, বানচালের ষড়যন্ত্র মোকাবিলা, এবং যে তিনটি বিষয়ে প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্ব দিচ্ছেন তা হলো সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা লন্ডনে হওয়ায় সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে, যা গণতন্ত্রকামীদের নির্বাচনে অংশগ্রহণকে সংকুচিত করতে পারে। তবে তারা নির্বাচনের তারিখে দ্বিমত পোষণ করেননি, কেবল কার্যকারিতা নিয়ে ভিন্নমত রয়েছে।
বৈঠকে জোর দেওয়া হয়েছে পিআর (প্রতিনিধিত্বমূলক) নির্বাচনের প্রয়োজনীয়তা ও জুলাই সনদ অনুযায়ী নির্বাচন বাস্তবায়ন। তিনি অভিযোগ করেছেন, কিছু দল এই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে।
এছাড়া বৈঠকে নুরুল হক নুরের ওপর হামলার দোষীদের কঠোর শাস্তির দাবি, সরকারের দখলদারদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও আলোচনার গুরুত্ব তুলে ধরা হয়।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “জুলাই সনদ ও পিআর নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত। সরকারের দায়িত্ব হলো স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ