প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৪:৩১ পিএম

“বাংলাদেশটা হচ্ছে একটা এক্সিডেন্টের ডিপো” এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
রবিবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নূরজাহান বেগম বলেন, “আমার কাছে মনে হয়, বাংলাদেশটা হচ্ছে একটা এক্সিডেন্টের ডিপো। যখন তখন গাড়ি দুর্ঘটনা ঘটছে। হোন্ডা ভেঙে যাচ্ছে, মানুষের হাত-পা ভাঙছে, অনেকে প্রাণ হারাচ্ছে। বিশেষ করে যুব সমাজ কেউ হাত, কেউ পা হারাচ্ছে। কারও ব্রেইন ইনজুরি হচ্ছে, আবার কারও স্পাইনাল কর্ড ইনজুরি হচ্ছে।”
তিনি আরও বলেন, এসব দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার একটি বড় সুযোগ এনে দিয়েছে। তবে এটি যেন কেবল ঢাকা কেন্দ্রিক না থাকে, সেদিকে গুরুত্ব দিতে হবে। “আমাদের সব স্পেশালাইজড হাসপাতাল ঢাকাতেই সীমাবদ্ধ। এই সেন্টারটিকে ডিসেন্ট্রালাইজ করে অন্তত তিন-চারটি জেলায় সরিয়ে নেওয়া প্রয়োজন, যাতে রোগীদের ঢাকা পর্যন্ত আসতে না হয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সাইদুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন। সভাপতিত্ব করেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম।
চীনের সহযোগিতায় নির্মিত এআই-নির্ভর ১০ হাজার স্কয়ার ফিট আয়তনের রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ