প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:১৪ পিএম

লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ওসমান গনি চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জাতীয় পার্টিকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয়।
লক্ষীপুর যুবঅধিকার পরিষদের সভাপতি সার্জেন্ট সাইফুল ইসলাম সমাবেশে বলেন, “ভিপি নুর দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তাঁকে নিয়ে কোনো ষড়যন্ত্র বা হামলা জনগণ মেনে নেবে না। যদি ভিপি নুরের কোনো ক্ষতি হয়, তাহলে আগুন জ্বলবে ঘরে ঘরে। গণঅধিকার পরিষদকে কোনোভাবেই দমন করা যাবে না।”
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাতীয় পার্টি গণঅধিকার পরিষদের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। তারা বলেন, দেশের প্রতিটি মানুষ ন্যায়বিচার ও গণতন্ত্রের জন্য নুরুল হক নুরের নেতৃত্বে রাজপথে রয়েছে। জনগণের আন্দোলন দমন করতে গিয়ে যারা হামলার রাজনীতি করছে, ইতিহাসে তাদের বিচার হবেই।
বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর গণঅধিকার পরিষদ, যুবঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক, পৌর শাখার সভাপতি এবং স্থানীয় তরুণ নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, আন্দোলনকে দমন করার চেষ্টা করলে তার দায় সরকারকেই বহন করতে হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ