প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৫:৩৭ পিএম

সংগৃহীত ছবি
বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী এলাকার দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
আজ শনিবার (৩০ আগস্ট) ভোর রাতে এ চুরির ঘটনার ইয়াসিন (২৩) নামের একজনকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, খলিশাখালী গ্রামের আলামিন সিকদার ও অনুপ পাইকের বাড়িতে শনিবার ভোর রাতে চোরেরা হানা দেয়। বিষয়টি টের পেয়ে ভোরেই জড়ো হন এলাকাবাসী। এরপর তারা পার্শ্ববর্তী বড় আন্দারমানিক গ্রামের মুজিবর রহমানের ছেলে ইয়াসিনকে হাতেনাতে আটক করে। এসময় তার সহযোগী একই এলাকার এনায়েত শেখের ছেলে হাফিজ শেখ চুরি করা একটি মূল্যবান মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, কচুয়ায় চোর সন্দেহে একজনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।