প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১২:১৩ পিএম

সংগৃহীত ছবি
টানা ৪ মাস ১৮ দিন পর কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স আজ সকালে খোলা হয়েছে। এবার দানবাক্সে একটি চিরকুটও মিলেছে, যাতে লেখা রয়েছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।
আজ শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় পাগলা মসজিদের ১৪টি দানবাক্স খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে টাকা গণনার কাজ শুরু করা হয়।
চিরকুটে লেখা রয়েছে, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
সকাল ৭টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় চার শতাধিক মানুষ।
প্রথা অনুযায়ী প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর খোলা হয়। দীর্ঘ সময় পর খোলায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়।
আজকের দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। এসময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য মসজিদ এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।