প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:১২ AM

সংগৃহীত ছবি
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মধ্যে বাগযুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপি ও এনসিপি কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির পর হাসনাত রুমিনকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’ হিসেবে অভিহিত করেন।
এর জবাবে রুমিন ফারহানা গতকাল সোমবার (২৫ আগস্ট) রুমিন ফারহানা ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে লিখেছেন, ‘এটা ওই ফকিন্নির বাচ্চাটা (হাসনাত আব্দুল্লাহ) না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?’ এ সময় তিনি হাসনাত আব্দুল্লাহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার বিভিন্ন ছবি ও প্রমাণ পোস্টে সংযুক্ত করেছেন।
ঘটনাটি ফেসবুকে ভাইরাল হয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। একপক্ষ রুমিনের বক্তব্যকে অশালীন বলে নিন্দা জানালেও অপরপক্ষ হাসনাতের সমালোচনাকে গুরুত্ব দিচ্ছে।
এর আগে, রবিবার রুমিন ফারহানাকে উদ্দেশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনে বিএনপি কীভাবে ভোটকেন্দ্র দখল করবে, তার একটি ‘টেস্ট ম্যাচ’ হয়ে গেল শুনানিতে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার মধ্য দিয়ে।
তিনি আরো বলেন, বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক যারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা।
হাসনাত বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, একটি প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়, আমরা বিএনপির এই আওয়ামীবিষয়ক সম্পাদকদের বলব, আপনারা জনগণের পালসকে বুঝুন, ২৪-পরবর্তী জনগণের পালসকে বুঝুন। নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে।