প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১১:০৪ AM

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’–এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা আর নেই।
গত ২১ আগস্ট (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে ইতালির ভেনিসে শুটিং চলাকালীন হঠাৎ মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও এক বিবৃতিতে বোরেলার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘এমিলি ইন প্যারিস প্রযোজনা পরিবারের একজন সদস্যকে হারিয়ে আমরা অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল।’
জানা গেছে, ইতালির ভেনিসে সিরিজটির পঞ্চম সিজনের শুটিং চলাকালীন হঠাৎ করেই সেটে পড়ে যান দিয়েগো বোরেলা। ভেনিসের হোটেল ড্যানিয়েলিতে শেষ দৃশ্যের প্রস্তুতি চলছিল, ঠিক তখনই ঘটে এ দুর্ঘটনা।
এ সময় দ্রুত চিকিৎসক ডাকা হয়। জানা যায়, আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এমএম