প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১০:০০ পিএম

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ১৯১টি ব্যাংক হিসাবের ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা অবরুদ্ধ রাখার আদেশ বহাল রেখেছে হাইকোর্ট।
রবিবার (২৪ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদুল আরেফিন স্বপন এবং সামিট গ্রুপের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
এর আগে গত ৯ মার্চ দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, সামিট গ্রুপের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে দেখা যায়, অভিযুক্তদের নামে সঞ্চয়ী, এফডিআরসহ নানা ধরনের হিসাবে বিপুল অর্থ জমা রয়েছে, যা সন্দেহজনক এবং অস্বাভাবিক।
দুদকের আবেদনে বলা হয়, যেকোনও সময় এই অর্থ বিদেশে পাচার বা গোপন করা হতে পারে। সুষ্ঠু তদন্তের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা অনুযায়ী হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ