প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:৩৯ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলায় আবাসিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে চুরি প্রবণতা বেড়ে যাওয়ায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা আতঙ্কিত। উপজেলার বিভিন্ন এলাকায় চাতালের ধান, ব্যবসায়ীর পাট, অটো ভ্যান ও আবাসিক বাড়িঘরে চুরির ঘটনা ঘটছে।
কয়েকদিন আগে পৌর এলাকায় একটি বিএনপি নেতার পাটের গোডাউন থেকে প্রায় ২ লক্ষ টাকার পাট চুরি হয়েছে। এছাড়া ঝুঁরগাও এলাকায় এক ব্যবসায়ীর ২৬ মন ধান চুরি হয়েছে। অটো ভ্যান চুরির ঘটনাও প্রতিদিন ঘটছে। সম্প্রতি এক প্রবাসীর বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে। একই ধরনের ঘটনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসাতেও ঘটেছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, চুরির ঘটনা ঘটলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “আমার বাসায় দুইবার চুরি হয়েছে, অভিযোগ করেছি, কিন্তু এখনো কোনো চোর ধরা হয়নি।”
ব্যবসায়ী হুমায়ুন মিয়া বলেন, “২৬ মন ধান চুরি হয়ে গেছে। এইভাবে ব্যবসা করা কষ্টকর হয়ে পড়েছে।”
অটো ভ্যান চালক সচিন শিকারী অভিযোগ করেন, দুটি ভ্যান চুরি হয়ে গেছে, কিন্তু প্রশাসনের থেকে কোনো সহযোগিতা পাননি। অনেক বাসিন্দা থানায় অভিযোগ দিতে ভয়ে ভয় পান।
কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা বলেন, উপজেলায় প্রায় ২ লক্ষ জনগণ থাকলেও মাত্র ৬৫ জন পুলিশ কর্মী রয়েছে। “দিনে দুইটি মোবাইল টিম এবং রাতে দুইটি টিম চুরি প্রতিরোধে কাজ করছে। পুলিশ সুপার স্যারের নির্দেশে মোবাইল ও টহল টিম আরও বৃদ্ধি করা হয়েছে।”
এ পরিস্থিতিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপত্তা বৃদ্ধি এবং চুরি প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ