প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৫:১১ পিএম

নিহত তোফায়েল আহমেদ।
কক্সবাজারের মহেশখালীতে এক ব্যবসায়ীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কালারমারছড়া বাজার দক্ষিণের বাঁশডোয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ীর নাম তোফায়েল আহমেদ। তিনি কালারমারছড়ার মো. শাহ ঘোনা গ্রামের ছিদ্দিক আহমেদের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার রাতে তোফায়েলের একটি চিংড়ি ঘেরে হামলা চালিয়ে দুর্বৃত্তরা শ্রমিকদের মারধর করে এবং কয়েক লাখ টাকার মাছ লুট করে নেয়। এরপর তাঁকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়।
তোফায়েলের বড় ভাই সরওয়ার আজম ছিদ্দিকী অভিযোগ করেন, সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে তাঁর ভাইকে হত্যা করেছে। পরে ভোরে লাশ ফেলে রেখে যায় তারা। তিনি এ ঘটনার জন্য পাহাড়ে অবস্থানরত একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনীকে দায়ী করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ