মানুষের ভোটাধিকার লুণ্ঠন ও গণতন্ত্র হরণ করেছিল হাসিনা : ড. এম এ কাইয়ুম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ ড. এম এ কাইয়ুম বলেছেন, ‘মানুষের ভোটাধিকার লুণ্ঠন ও গণতন্ত্র হরণ করেছিল ফ্যাসিবাদী আওয়ামী সরকার। স্বৈরতন্ত্রের খোলসের ভেতরে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এজন্য সবার আগে প্রয়োজন রাতের আঁধারে লুট হয়ে যাওয়া মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার করা।’
আজ শুক্রবার (২২ আগস্ট) বিকালে রামপুরা থানা ৯৮-নং ওয়ার্ড ছাত্রদল ঢাকা মহানগর উত্তর আয়োজিত সার্বজনীন শিক্ষাব্যবস্থা, নিরাপদ ক্যাম্পাস ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে এম এ কাইয়ুম বলেন, ‘যারা জীবন বাজি রেখে ঢাকা বিশ্বিবদ্যালয়ে আন্দোলন করেছেন তাদের প্রত্যেকটা নেতাকর্মীদের মূল্যায়ন করে তারেক রহমান ডাকসুর প্যানেল দিয়েছেন। এই ডাকসুর প্যানেলকে ছাত্রদলসহ আমরা যারা বিএনপি করি তারা কাজ করব। বিপুল পরিমাণ ভোটে বিজয়ী করব। সাধারণ ছাত্রছাত্রীরাও তাদেরকে ভোট দিবেন। কারণ অতীত কর্মকাণ্ড সকলেরই সচ্ছ।’
ড. এম এ কাইয়ুম বলেন, ‘দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ খ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তা ব্যবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়কে বলা হয় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ চর্চার সূতিকাগার। যেখানে মুক্তবুদ্ধি চর্চার পাশাপাশি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়। কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো যেন অনিরাপদ ও অস্থিতিশীল হয়ে উঠছে। এই অবস্থা থেকে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্থিতিশীল ও একটি নিরাপদ স্থানে নিয়ে যাবে।’
সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে ড. এম এ কাইয়ুম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের মূল চালিকাশক্তি। তাদের মেধা, অদম্য কর্মস্পৃহা, সততা, দেশপ্রেম একটি জাতির উন্নতির ধারাকে গতিশীল রাখে। একটা দেশকে সুস্থ ধারায় পরিচালনা করতে চাইলে রাষ্ট্রকে অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলো সঠিকভাবে পরিচালিত করতে হয়। আমরা উন্নত বিশ্বের দেশগুলোর মতো দক্ষ ও মানসম্মত জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়কে অধিক প্রাধান্য দিয়ে কাজ করে যাব। দেশের সকল শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করব।’
ঢাকা-১১ আসনের মাটি ও মানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিতের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার প্রশ্নে সর্বদা অবিচল। তাই, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে তার দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রামপুরা থানা যুবদলের সভাপতি আসাদুজ্জামান ফয়সাল। সঞ্চালনায় ছিলেন রামপুরা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোমান আহম্মেদ। কর্মী সভা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব এ জি এম শামসুল হক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবিউল আউয়াল ভুঁইয়া রবি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ বাবু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি আবু বক্কর সীদ্দিক সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এমএম