প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১০:৫৮ AM

সংগৃহীত ছবি
ময়মনসিংহের তারাকান্দায় একটি মিল থেকে প্রায় ২৫ টন সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় একজনকে আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কলেজ রোডের মেসার্স সামিয়া অটো রাইস মিলে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।
গোপন সূত্রের খবর পেয়ে মিলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। সেখানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা পরিবর্তিত মোড়কে বাজারজাতের জন্য রাখা ছিল। মিলের কর্মীরা আগে খবর পেয়ে পালিয়ে যায়।
পুলিশের সহায়তায় উদ্ধারকৃত চাল পরে উপজেলা পরিষদে নিয়ে রাখা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, “আমাদের কাছে তথ্য ছিল মিলটিতে বিপুল সরকারি চাল রয়েছে। অভিযানে মিলের সামনে একটি ট্রলি ও একটি ট্রাকে সরকারি চাল পাওয়া যায়। আটক করা হয় ট্রলি চালককে। তার তথ্য অনুযায়ী মিলের ভেতরও চাল উদ্ধার করা হয়েছে।”