প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:৫৮ পিএম

সংগৃহীত ছবি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সকালে উপদেষ্টার পরিষদের বৈঠক নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেঁজগাওয়ের কার্যালয়ে হয় উপদেষ্টা পরিষদের বৈঠক।
এই বৈঠকে অফিশিয়াল ও কূটনীতিক পাসপোর্টে পারস্পারিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এ নিয়ে প্রেস সচিব বলেন, “পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে পাঁচ বছরের জন্য চুক্তি হবে। বাংলাদেশের মতো পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বিনা ভিসায় বাংলাদেশ সফর করতে পারবেন। এ রকম চুক্তি আরও ৩১টি দেশের সাথে করেছি আমরা।”
ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকা ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসহ দেশীয় বিভিন্ন সংস্থা কাজ করছে। তবে এতে কয়েক বছর সময় লাগবে। এ সরকার আশানুরূপ অগ্রগতি দেখাতে পারবে বলে মন্তব্য করেন তিনি।