প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১২:৪৬ AM

সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় ১৩৭ জনের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে। এতে বেশ কয়েকটি পর্যবেক্ষণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ১০টি সুপারিশও করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। জেলা প্রশাসক জানিয়েছেন, প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে প্রায় ৮০ শতাংশ পাথর লুট হয়ে গেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে গত ১২ আগস্ট জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির সদস্য ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার এবং পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম।
তারা ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয়দের সাক্ষাৎকার ও বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করেছেন। এতে কারা কারা এ ঘটনায় জড়িত, কীভাবে এত বড় লুটপাট সংঘটিত হলো এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া দরকার, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ