প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১০:৩১ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত নৃশংস ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এজাহারভুক্ত সমস্ত পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার জন্য ন্যাশনাল লইয়ার্স কাউন্সিল (এনএলসি) নোটিশ পাঠিয়েছে। নোটিশটি স্বরাষ্ট্র উপদেষ্টা ও মহাপরিদর্শক (আইজিপি) বরাবর প্রেরণ করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) এনএলসি চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এজাহারভুক্ত পুলিশ কর্মকর্তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হোক। আইনজীবীর বক্তব্য, যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হবেন।
নোটিশে উল্লেখ করা হয়, জুলাই-আগস্ট মাসের নৃশংস ঘটনায় দায়ের করা সাত শতাধিক হত্যা মামলায় বহু পুলিশ কর্মকর্তা এজাহারভুক্ত। এ ধরনের দায়িত্বশীল পদে থাকা আসামিরা তদন্ত ও সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া ব্যাহত করার আশঙ্কা সৃষ্টি করতে পারে। বর্তমানে তারা দায়িত্বশীল পদে থাকায় ন্যায়বিচারের সুষ্ঠু বাস্তবায়নের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে।
বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা গুরুতর অপরাধের তদন্ত চলাকালীন অবস্থায় জনস্বার্থে সাময়িক বরখাস্ত করা যেতে পারে। পুলিশের নিয়ম অনুযায়ী, গুরুতর অভিযোগ বা মামলা দায়ের হলে কর্তৃপক্ষ প্রয়োজনবোধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা দায়িত্ব থেকে বিরত রাখতে পারে।
আইনজীবীর মতে, এজাহারভুক্ত পুলিশ কর্মকর্তাদের পদে বহাল রাখা আইন, ন্যায়বিচার ও জনস্বার্থের পরিপন্থী। তাই অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ