রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপি নেতা পিতা-পুত্রসহ ৮ জনের বিরুদ্ধে ইতালী প্রবাসী মোঃ মাসুম শেখকে (৪৫) মারধর ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালতে দায়ের করেছেন মাসুম শেখের স্ত্রী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলি আক্তার।
মামলার আসামীরা হলো, বালিয়াকান্দি গ্রামের মৃত খন্দকার আঃ রশিদের ছেলে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, চুন্নুর ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলু, খন্দকার শোভন আরেফিন, মৃত আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান বিপু, আশরাফ শেখের ছেলে শ্রমিকদল নেতা সহেল শেখ, মৃত নুরুর ছেলে মোঃ নান্নু , বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা মোঃ মহসীন খান, রায়পুর গ্রামের নারান দাসের ছেলে বালিয়াকান্দি হাসপাতালের টেকনিশিয়ান উজ্জল দাস।
মামলার অভিযোগে বলা হয়েছে, মাসুম শেখ জীবিকার তাগিদে ২০০৭ সালে ইতালী যান। তার স্ত্রী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত, সেই সময়ে বালিয়াকান্দি বিএনপি নেতা চুন্নুর ছেলে শফিউল আজম শিবলু দ্বারা উত্যক্ত হন। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হলেও পরে মাসুমের বদলির কারণে মামলা প্রত্যাহার করা হয়।
ইতালী থেকে দেশে ফেরার পর ১৫ আগস্ট, জুম্মার নামাজ শেষে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে চুন্নু, তার ছেলে শিবলুসহ কয়েকজন তাকে ১০ লাখ টাকা চাঁদাবাজি করতে চায়। দিতে অস্বীকার করলে মাসুম শেখকে এলোপাথারীভাবে কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
মামলা দায়েরের পর রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় সামনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, “মাসুম শেখ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকেও জানানো হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ